back to top

গুলশানে পথচারীকে মারধর, মডেল মনিকাকে আইনি নোটিশ

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ১১:৫২

বিনোদন ডেস্ক : রাজধানীর গুলশানে একজন সাধারণ পথচারীকে মারধর করার অভিযোগ ওঠার পর থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন রুশ-বাংলা মডেল মনিকা কবির।

গত মঙ্গলবার সংঘটিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর এবার তার বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস ডাকযোগে এই আইনি নোটিশ পাঠান।

নোটিশে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার ভিডিও এবং অশালীন বা বিতর্কিত কনটেন্টগুলো অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আইনি নোটিশটিতে মনিকা কবিরের বাংলাদেশে অবস্থানের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

তিনি বাংলাদেশে কোন ধরনের ভিসায় অবস্থান করছেন এবং এখানে কাজ করার জন্য তার বৈধ ওয়ার্ক পারমিট আছে কি না, সে বিষয়ে প্রয়োজনীয় নথিপত্র উপস্থাপনের আহ্বান জানানো হয়েছে।

এই নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে যদি তিনি সন্তোষজনক জবাব না দেন এবং বিতর্কিত কনটেন্ট সরিয়ে না নেন, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন অধ্যাদেশ ১৯৭৬, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মামলা দায়েরের কথা উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, গুলশানের রাস্তায় একজন পথচারীর সঙ্গে তর্কে লিপ্ত হওয়ার একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করছেন এই মডেল।

এই ঘটনাটি নেটিজেনদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে এবং অনেকেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আইনি নোটিশ প্রেরণকারী আইনজীবী জানিয়েছেন, এই ধরনের আচরণ দেশের প্রচলিত আইন ও সামাজিক শিষ্টাচারের পরিপন্থী।

মনিকা কবির যদি নির্দিষ্ট সময়ের মধ্যে নোটিশের জবাব না দেন, তবে বিষয়টি আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি