back to top

সড়ক দুর্ঘটনায় আহত এএসআই মাহাবুর হাসান মারা গেছেন

প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৬ ১২:৩৬

সড়ক দুর্ঘটনায় আহত রাঙামাটির কাপ্তাই উপজেলার কাপ্তাই প্রজেক্ট পুলিশ ফাঁড়িতে কর্মরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. মাহাবুর হাসান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

গতকাল বুধবার বিকেল ৫টা ৫০ মিনিটে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, ২৩ মার্চ দায়িত্ব পালনকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের মানিকছড়ি সেনা ক্যাম্প গেটসংলগ্ন এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করছিলেন এএসআই মাহাবুর হাসান।

এ সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়লে তিনি গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাঙামাটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রেখে গেছেন।

ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, নিহত এএসআই মাহাবুর হাসানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি যশোর জেলার সদর উপজেলায় পাঠানো হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি