ফেনী জেলার মহিপাল এলাকায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস সড়কে দাড়ানো অপর একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিহত হয়েছেন বাসটির সুপারভাইজার ও হেলপার। এ ঘটনায় বাস চালকসহ আহত হয়েছেন আরো ১৫ যাত্রী।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে এলাকার হাফেজিয়া চৌধুরী হাট সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন পাবনার রঘুনাথপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে ও বাসটির সুপারভাইজার রবিউল ইসলাম (৩৬) এবং যশোরের জিকরগাছা উপজেলার মোবারকপুর গ্রামের আব্দুল আলী মোল্লার ছেলে ও বাসটির হেলপার মো. রফিক (৬০)।
আরও পড়ুন
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকাগামী একটি পানি পরিবহনকারী ট্রাক হঠাৎ মহাসড়কের ওপর থামিয়ে দিলে পেছন থেকে আসা শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে ধাক্কা দেয়।
এরপরই বাসের পেছনে থাকা আরেকটি ট্রাক বাসটিকে সজোরে আঘাত করে। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন হেলপার, সুপারভাইজারসহ আরো ১৫ জন যাত্রী।
আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রবিউল ও রফিককে মৃত ঘোষণা করেন। বাসচালককে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ বলেন, ‘দুর্ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


