সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের হিন্দুপাড়া এলাকায় ২৫ বছর বয়সী এক যুবক বিষপানে আত্মহত্যা করেছে।
জানা গেছে, ঋণের চাপ সহ্য করতে না পেরে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিষপান করে আত্মহত্যা করে এ যুবক।
মৃত যুবকের নাম দ্বীপ ভৌমিক (২৫)। তিনি একই এলাকার গোপাল ভৌমিকের বাড়ির প্রদীপ ভৌমিকের ছেলে। পেশায় গার্মেন্টসকর্মী ছিলেন। প্রায় এক বছর আগে বিয়ে করেন। বর্তমানে তার স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা।
পরিবারের ভাষ্য, নানা আর্থিক চাপ ও ঋণের বোঝা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে। শনিবার রাতে ঘরের ভেতরে তিনি বিষপান করেন। দ্রুত উদ্ধার করে চিকিৎসার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
নিহতের ভাতিজা জয় ভৌমিক জানান, কিছুদিন ধরে তিনি খুব চিন্তিত থাকতেন। ঋণ শোধ আর সংসার চালানো নিয়ে দু:শ্চিন্তা করতেন সবসময়।
এ বিষয়ে কর্ণফুলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. শাহীনুর আলম বলেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


