ভোজন বাড়ি থেকে সাদিয়া’স কিচেন: ভোক্তা অধিকারের অভিযানে ফাঁস অনিয়মের চিত্র

বাসি মুরগি থেকে অস্বাস্থ্যকর পরিবেশ: ৩ রেস্তোরাঁর জরিমানা ৯০ হাজার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৬ ১৬:৫৪

খাবারে অননুমোদিত রং ও রাসায়নিক উপকরণের ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি এবং ফ্রিজে কাঁচা মাছ-মাংসের সঙ্গে রান্না করা বাসি খাবার সংরক্ষণের অভিযোগে চট্টগ্রামের আনোয়ারায় তিনটি রেস্তোরাঁকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ব্যস্ততম চাতুরী চৌমুহনী ও টানেল সংযোগ সড়ক এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযান সূত্রে জানা যায়, চাতুরী চৌমুহনী এলাকার ‘ভোজন বাড়ি রেস্তোরাঁ’য় অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত করা হচ্ছিল।

এ ছাড়া খাবারের স্বাদ ও রূপ বাড়াতে ব্যবহার করা হচ্ছিল অননুমোদিত রং, কেওড়াজল ও গোলাপজল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকার ‘সাদিয়া’স কিচেন’-এ বাসি শর্মার মুরগি সংরক্ষণের প্রমাণ মেলায় প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, টানেল এলাকার ‘টানেল ভিউ রেস্তোরাঁ’কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটিতে একদিকে অনিরাপদ উপকরণের ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশ, অন্যদিকে একই ফ্রিজের ভেতরে কাঁচা মাছ-মাংসের পাশাপাশি রাখা হয়েছে আগে থেকে রান্না করা বাসি খাবার-যা স্বাস্থ্যঝুঁকির চরম রূপ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আনিছুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষায় এ সময় আনোয়ারা থানা-পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযান শেষে সহকারী পরিচালক মো. আনিছুর রহমান জানান, খাদ্যের নিরাপত্তা ও ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি নিশ্চিত করতেই এ তাৎক্ষণিক আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, খাদ্য প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং নিরাপদ উপকরণ ব্যবহার করা আইনি ও নৈতিক দায়িত্ব।

অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানে এর চরম ব্যত্যয় মিলেছে। জনস্বাস্থ্যের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি