back to top

ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তুলতে চাই: মেয়র

প্রকাশিত: ০৩ মার্চ, ২০২৬ ১৪:০৮

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সাম্যের চট্টগ্রাম গড়ে তোলা আমাদের অঙ্গীকার।

আমরা চাই এমন একটি নগরী, যেখানে সকল সম্প্রদায়ের মানুষ নিরাপদ, মর্যাদাপূর্ণ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম নগরীর মিউনিসিপ্যাল স্কুলের মাঠে দোল পূর্ণিমা (হোলি) উৎসব উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, দোল পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়; এটি সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও ভালোবাসার বার্তা বহন করে।

চট্টগ্রাম দীর্ঘদিন ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। এই ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি উল্লেখ করেন, প্রত্যেক ধর্মই ন্যায়, সততা ও মানবকল্যাণের শিক্ষা দেয়। যদি আমরা নিজ নিজ ধর্মের মানবিক শিক্ষাগুলো বাস্তব জীবনে প্রয়োগ করি, তবে একটি ন্যায়ভিত্তিক ও সুশৃঙ্খল সমাজ গড়ে তোলা সম্ভব।

সন্ত্রাস, সহিংসতা ও উগ্রতা কোনো ধর্মের শিক্ষা নয়—এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মেয়র জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নগরীর সব ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

তিনি নগরবাসীর সার্বিক সহযোগিতায় একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও সাম্যের চট্টগ্রাম গড়ার প্রত্যাশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ধর্মীয় নেতৃবৃন্দ, সুধীজন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ভক্তিমূলক সঙ্গীত, আবির উৎসব ও সাংস্কৃতিক পরিবেশনায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি